বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো করতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের দেশে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি ভারত সরকার উপলব্ধি করবে এবং সংশ্লিষ্টদের বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে সহযোগিতা করবে বলে তারা আশা করছেন।
তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
এদিকে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কোনো ব্যক্তির প্রতি সরকারের অনুরাগ কিংবা বিরাগ নেই। মামলাটি সম্পূর্ণ আদালতের বিষয় এবং এটি আদালতের নিজস্ব গতিতেই চলবে।
এ ছাড়া ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধে ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

