জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলার উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘জনগণ তাদের দায়িত্ব দিয়েছে। জনগণকে কথা বলার সুযোগ না দিলে এবং তাদের কথা না শুনলে সরকার পথ হারাবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়াই সরকারের অঙ্গীকার।’
তিনি বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে এসে কোনো মায়ের বুক খালি করতে না পারে এবং কোনো পরিবারকে স্বজন হারানোর বেদনা নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়—এমন পরিবেশ নিশ্চিত করা সবার লক্ষ্য হওয়া উচিত।
মন্ত্রী আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা প্রয়োজন।
তিনি বলেন, ‘এই দেশ আমাদের। দেশকে সামনে এগিয়ে নিতে হলে ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে। আমরা যদি সেই পথ তৈরি করতে না পারি, তাহলে সবাই পথ হারাব এবং বিপদে পড়ব।’
মতবিনিময় সভায় বাগেরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

