প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে শুরু হওয়া সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ, প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার অর্থায়ন ৭২ কোটি ৪৭ লাখ টাকা। প্রকল্পগুলোর ১২টি নতুন এবং চারটি সংশোধিত।
ব্যয়ের দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট। এতে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এছাড়া রেল, স্বাস্থ্য, সড়ক, প্রতিরক্ষা, পানিসম্পদ ও ভূমি ব্যবস্থাপনা খাতের প্রকল্পও রয়েছে।

