কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি হৃদ্রোগেও আক্রান্ত হয়েছিলেন হাজী মনিরুল ইসলাম। তিনি চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন।
হাজী মনিরুল ইসলাম ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

