দোষী প্রমাণিত হলে বিদেশে আরাম-আয়েশে জীবনযাপনের পরিবর্তে দেশে ১০ বছরের কারাদণ্ড ভোগ করাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।
ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে—আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।’
দেশ থেকে অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে কথা বলা হচ্ছে, এর মধ্যে তার এক টাকাও দেশের বাইরে পাওয়া গেলে তিনি সেদিনই রাজনীতি ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘এক টাকা আসিফ মাহমুদ দেশের বাইরে কোথাও বিনিয়োগ করেছে বা একটা ধূলিকণাও সে দেশের বাইরে কিনেছে’—এমন প্রমাণ দেখাতে হবে।
নিজের অবস্থান ব্যাখ্যা করে আসিফ মাহমুদ বলেন, ১০ বছরের কারাদণ্ড অথবা বিদেশে গিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের মধ্যে কোনো একটি বেছে নিতে হলে তিনি কারাদণ্ডই গ্রহণ করবেন। এর কারণ হিসেবে তিনি নিজের ‘ন্যাশনালিজমের পাওয়ার’ বা জাতীয়তাবোধের শক্তির কথা উল্লেখ করেন।
বিভিন্ন বক্তব্য ও ‘ন্যারেটিভ’ তৈরির সমালোচনা করে তিনি দাবি করেন, কোনো প্রমাণ ছাড়াই এসব করা হচ্ছে। তার ভাষায়, ‘ন্যারেটিভ উৎপাদনের জন্য তো কোনো প্রমাণ লাগে না। উনারা এটাই করতে চাচ্ছেন এবং উনারা এটাই করছেন।’
এ সময় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বিভিন্ন বিষয় ‘ক্রিটিকাল মাইন্ডসেটে’ বিবেচনার আহ্বান জানান তিনি। ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্নহীনভাবে বিশ্বাস করার সুযোগ নেই উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদও সমালোচনামূলকভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

