মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস পালিয়ে যান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমলসার গ্রামের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।
পুলিশ জানায়, আমলসার গ্রামের ওই দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানোর অভিযোগ ছিল। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় পুলিশ সেখান থেকে ১১ জনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩) ও মো. বাহারুল ইসলাম (৪৮); কোদলা গ্রামের মো. শাজাহান মোল্লা (৫০); বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।
ওসি ওলি মিয়া বলেন, অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

