আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। মিছিল চলাকালে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।
এর আগে দুপুরে জুমার নামাজের পর বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র ও মিছিলের ভিডিও অনুযায়ী, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের সৌজন্যে নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে যাওয়ার সময় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করেন। এতে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয় এবং ঘটনাস্থল থেকে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। মিছিলের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধান এবং আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

