সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে চারজন ডেঙ্গুরোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩০৫ জন। একদিনের ব্যবধানে নতুন করে আরও ছয়জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৩১১ জনে দাঁড়িয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ছয়জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত ৩১১ জনের মধ্যে সিলেটে ৬৬, সুনামগঞ্জে ৭০, হবিগঞ্জে ১৩৩ এবং মৌলভীবাজারে ৩১ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেটে চিকিৎসা নেওয়া ১১ জন ডেঙ্গুরোগীও রয়েছেন।
এ সময়ে ডেঙ্গুতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছলিমা বেগম (৬০) মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) মারা যান। আর গত ২ আগস্ট সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফিয়া খানম (৫৪) মারা যান।

