কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য সে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। এরপর আর বাসায় ফেরেনি।

স্থানীয় আব্দুল কাদের জিলানী নামের এক ব্যক্তি কাজ করতে গিয়ে প্রথমে ঘটনাস্থলে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে সেখানে লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অপ্রতিমের নিখোঁজের পর তার পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

