৮ম ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট-২০২৬ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। টুর্নামেন্টের ২৩তম ম্যাচে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফলে সোনারগাঁও ইউনিভার্সিটির সামনে জয়ের জন্য ৭৮ রানের লক্ষ্য দাঁড়ায়।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সোনারগাঁও ইউনিভার্সিটি। মাত্র ২.২ ওভারে ৮০ রান সংগ্রহ করে ৭ উইকেটে জয় নিশ্চিত করে তারা। ফলে ২.২ ওভারেই লক্ষ্য পূরণ করে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির আলমগীর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন মোল্লা। এর আগে টুর্নামেন্টের ১২তম ম্যাচে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৯ রানে হারিয়ে আসর শুরু করেছিল সোনারগাঁও ইউনিভার্সিটি। দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ায় টুর্নামেন্টে দলটির জয়ের ধারা অব্যাহত রয়েছে।

