ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও শিক্ষার্থীদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মৌন মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী ফারহা খানম বলেন, “আমাদের ভাই হারানোর শোক থেকেই আমরা প্রতিবাদে নেমেছি। একই সঙ্গে আমাদের চার দফা দাবির অগ্রগতি কতদূর, প্রশাসনের কাছে সেটিও জানতে চাই।”
শিক্ষার্থী শাহানাজ বলেন, অপ্রতিম হত্যার ঘটনায় অভিযুক্তদের বয়স বিবেচনায় শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তারা। তিনি বলেন, “যারা হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত, তাদের শুধু বয়সের বিবেচনায় শাস্তির আওতার বাইরে রাখার বিষয়টি উদ্বেগজনক। আইনি সীমাবদ্ধতা ও অসংগতি দূর করার উদ্যোগ নেওয়া এবং অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হোক।”
অপর শিক্ষার্থী মাহিন অভিযোগ করেন, “পুলিশ প্রশাসন আসামিদের বয়স নিয়ে দ্বিচারিতা করছে। তাদের শাস্তি এড়ানোর সুযোগ করে দিতে বয়স গোপন করে সংশোধনাগারে পাঠানো হয়েছে।”
তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ফাঁড়ি নির্মাণসহ শিক্ষার্থীদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এর আগে অপ্রতিম হত্যার বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি রয়েছে।

