ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিলকৃত সবকটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হয়। স্ক্রুটিনি পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: মির্জা ফয়সল আমীন (বিএনপি), ওবায়দুল্লাহ মাসুদ (বিএনপি – বিকল্প প্রার্থী), দেলাওয়ার হোসেন (জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট), মো. খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আব্দুল আলীম নিজামী (বাংলাদেশ খেলাফত আন্দোলন) এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস)।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, গত ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এই ছয়জন প্রার্থীই মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।
ঘোষিত তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ২৯ অক্টোবর সকাল থেকে ব্যালটের মাধ্যমে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও–১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচনি এলাকায় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

