বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দলটির ‘পায়ের তলায় আর মাটি নেই’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, তারা চেয়েছিলেন বিএনপি পাঁচ বছর ভালোভাবে দেশ পরিচালনা করুক। তবে বর্তমানে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এ কারণেই বিএনপি ‘অস্বাভাবিক আচরণ’ করছে। তিনি আরও দাবি করেন, তারেক রহমানের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই এবং দলটির এমপি-মন্ত্রীরা ব্যর্থ হয়েছেন।
‘ভেরিফিকেশন’-এর নামে শিক্ষার্থীদের বাদ দেওয়া এবং নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে ডাকসু ভিপি বলেন, প্রশাসন সংবিধানের ২৯ নম্বর ধারা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করছে।
তিনি অভিযোগ করেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির এমপি-মন্ত্রীদের সুপারিশ ছাড়া অন্যদের চাকরি না দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট এবং সারা দেশে লোডশেডিংয়ের জন্য সরকারের ‘সীমাহীন ব্যর্থতা ও অযোগ্যতা’কে দায়ী করেন তিনি।
ডাকসুর এজিএস মহিউদ্দিন খানও নিয়োগ প্রক্রিয়ায় ‘ভেরিফিকেশনের’ মাধ্যমে দলীয়করণ এবং বিরোধী মত দমনের অভিযোগ করেন। তার দাবি, পরীক্ষায় ও বিভাগে প্রথম হয়েও রাজনৈতিক মতপার্থক্যের কারণে অনেক যোগ্য প্রার্থী গেজেটভুক্ত হতে পারেননি।
চাকরির ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে মেধাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধার ওপর দলীয় প্রভাব চাপানোর পরিণতি গুরুতর হতে পারে।

