ডেঙ্গুর প্রকোপে দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেনসি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত ৮৩ হাজার ৩৩৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

