ফরিদপুরের সালথায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে নাদিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নাদিয়া ওই গ্রামের মো. মিন্টু বেপারী ও মোসা. সাজেদা বেগমের মেয়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মিয়া জানান, সকালে নাদিয়ার মা বাড়ির উঠানে মেয়েকে রেখে পাশেই বাঁশের কঞ্চি কাটছিলেন। এ সময় কোনো একপর্যায়ে নাদিয়া সেখান থেকে সরে গিয়ে বাড়ির পাশে থাকা একটি নিচু জলাশয়ের পানিতে পড়ে যায়।
পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

