পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে আঘাত হানা এসব ভূমিকম্পে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) বরাত দিয়ে বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানায়, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে আঘাত হানে। চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
জাপানের সাত স্তরবিশিষ্ট ভূমিকম্পের তীব্রতা স্কেলে চিবার আসাহি শহরে কম্পনের মাত্রা ৪ রেকর্ড করা হয়। এতে পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাও কেঁপে ওঠে।
এর প্রায় তিন ঘণ্টা পর, সকাল ৭টা ১৪ মিনিটে প্রতিবেশী ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। জেএমএর হিসাবে, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে। স্থানীয় ভূমিকম্পের তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে এর মাত্রা ৩ রেকর্ড করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটির ফলেই সমুদ্রে সুনামি সৃষ্টি হয়নি। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে জাপানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় একাধিক ভূমিকম্প হয়েছে। এর আগে গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রা এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এ ছাড়া গত ২৩ আগস্ট একই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হন।

