সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এই কমিটির মাধ্যমে পরিবহন খাত ঘিরে দীর্ঘদিনের ‘মাফিয়াবৃত্তি’ বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, নতুন নতুন উদ্যোগ ও ধারণার মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসঙ্গত ও সুশৃঙ্খল করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা থাকবে।
তিনি বলেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণেও নতুন কমিটি ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, রাজনীতিবিদরা দায়িত্ব পাওয়ার পর রাজনৈতিক বিশৃঙ্খলা মোকাবিলা করতে পারলে দীর্ঘ ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটবে।

