ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রার্থীদের মুখপাত্র এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বরাদ্দ অনুযায়ী—বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ‘ধানের শীষ’, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ‘বটগাছ’, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ‘হাতপাখা’ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ‘ডাব’ প্রতীক।
প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
সভায় পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। এরপর আগামী ২৯ অক্টোবর এ আসনের ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

