ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে জালিয়াতির চেষ্টার অভিযোগে তিন জন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃত তিনজনই স্থানীয় দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। তারা হলেন— ওই মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের ছাত্র মিনহাজ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, ভোটকেন্দ্রে তিন জন ভুয়া ভোটার পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। তিনি আরও বলেন, আপাতত তাদেরকে কেন্দ্রের একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে বিভিন্ন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও কড়া নিরাপত্তার সাথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত তৎপর রয়েছে।

