ভোটের মাঠের তুমুল প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পরদিনই মিষ্টি ও ফুলের তোড়া হাতে ছুটে গেলেন নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায়।
শুক্রবার সকালে দেলাওয়ার হোসেনের বাসভবনে যান বিএনপির এই নবনির্বাচিত এমপি। সেখানে অত্যন্ত আন্তরিক পরিবেশে দুই নেতা কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। সাক্ষাৎকালে ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফয়সল। জবাবে ইতিবাচক সাড়া দিয়ে জেলার যে কোনো গঠনমূলক ও উন্নয়ন কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত নেতা দেলাওয়ার হোসেন।
নির্বাচনী বৈরিতা কাটিয়ে ফল প্রকাশের পরপরই দুই প্রতিদ্বন্দ্বী নেতার এমন হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের মির্জা ফয়সল আমীন। তিনি মোট ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পান। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৪৫৩ ভোট। ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন মির্জা ফয়সল। নির্বাচনী প্রচারণায় মাঠ উত্তপ্ত থাকলেও শেষ পর্যন্ত সৌজন্য ও সম্প্রীতির বার্তা নিয়েই সূচনা হলো তাঁর বিজয়ের পরবর্তী অধ্যায়।

