যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন JUST Photographic Society-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।
কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার হোসাইন সুনি ও রবিউল ইসলাম শিমুল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবদুর রহিম ও অপূর্ব দেবনাথ। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফারদিন ইবনে করিম সামি ও মোছা. আরিফুন নাহার অর্নি। এছাড়া কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন অরিত্র বিশ্বাস। কমিটির অন্যান্য পদে আরও ২৩ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, ‘ফটোগ্রাফি শুধু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার বিষয় নয়; এটি একটি বিশ্বজনীন ভাষা। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের ভাষা ভিন্ন হলেও একটি ছবির ভাষা বুঝতে সাধারণত অসুবিধা হয় না। তবে ছবির ভাষা বুঝতে পারলেও সেই ভাষায় নিজেকে প্রকাশ করার আগ্রহ ও চর্চা তুলনামূলক কম মানুষের মধ্যে দেখা যায়।’
তিনি আরও বলেন, ‘JUST Photographic Society যবিপ্রবির আগ্রহী শিক্ষার্থীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে কাজ করে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আলোকচিত্রের মাধ্যমে বিশ্বকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে নিয়মিত কর্মশালা, ফটোওয়াক, জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। নতুন কমিটিও এ ধারাবাহিকতা বজায় রেখে কাজ করবে।’
নবনিযুক্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব বলেন, ‘ফটোগ্রাফির ক্ষেত্রে দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় যবিপ্রবি এখনো পিছিয়ে রয়েছে। আমাদের অল্পসংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখছেন। অথচ ক্যাম্পাসে ফটোগ্রাফি নিয়ে আলোচনা ও চর্চার পরিসর এখনো সীমিত।’
তিনি আরও জানান, ‘JUST Photographic Society-এর মাধ্যমে ক্যাম্পাসে ফটোগ্রাফির চর্চা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন এবং অংশগ্রহণের মাধ্যমে যবিপ্রবিকে দেশের ফটোগ্রাফি অঙ্গনে আরও পরিচিত করে তুলতে কাজ করছি। নতুন কমিটিও এ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, JUST Photographic Society যবিপ্রবির একটি আলোকচিত্রবিষয়ক সংগঠন। শিক্ষার্থীদের ফটোগ্রাফির দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং আলোকচিত্রচর্চার প্রসারে সংগঠনটি বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতা ও প্রদর্শনীসহ নানা কার্যক্রম পরিচালনা করে থাকে।

