নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের আয়োজনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘খাসি ভোজ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১:৩০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভূরিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. ফতেহ নূর রোবেলসহ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সকল ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এর আগে খাসি ভোজ উপলক্ষে “যদি খাও খাসি, সিজি আসবে বেশি!” শীর্ষক স্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার (৮ নভেম্বর) ক্যাম্পাসে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমী আনন্দ মিছিল বের করা হয়। খাসি নিয়ে শিক্ষার্থীদের বের করা এই আনন্দ মিছিল পুরো ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. ফতেহ নূর রোবেল এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, “এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। এরকম আয়োজনের মাধ্যমে আমাদের এসিসিই ফ্যামিলির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার বন্ধন আরও সুদৃঢ় হয়। ভবিষ্যতে এই ধরনের সুন্দর উদ্যোগগুলো অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
তিনি আরও বলেন, “সামনে শীতকাল আসছে। কোনো একটি ব্যাচ উদ্যোগ নিয়ে শীতে একটা চমৎকার পিঠা উৎসবের আয়োজন করতে পারে। বিভাগ থেকে সার্বিকভাবে হয়তো সবসময় সব আয়োজন করা সম্ভব হয় না, তবে শিক্ষার্থীদের উদ্যোগে এমন প্রোগ্রামগুলো সামনেও যাতে অব্যাহত থাকে আমরা সেই প্রত্যাশা করব।”
অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া আনন্দময় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের শিক্ষার্থীরা মেটেরিয়াল সায়েন্সের পড়ালেখা ও গবেষণা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আমাদের নিয়মিত পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে একটি ‘ক্যাটালিস্ট’ (অনুঘটক) হিসেবে কাজ করবে। কারণ আনন্দঘন পরিবেশের মধ্যেই মূল পড়াশোনাটা করতে হয়।” এ সময় তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের ধন্যবাদ জানান।
দিনব্যাপী সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা, আনন্দ-উচ্ছ্বাস ও ভূরিভোজের মধ্য দিয়ে শেষ হয় এসিসিই পরিবারের এই বিশেষ আয়োজন, যা শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কের জায়গায় এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

