রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। নিহত তরুণ কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

