যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে মোটরসাইকেল আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সামান্য অসতর্কতা আর গতির নেশায় এই প্রিয় বাহনটিই যেন সড়কে এক মরণফাঁদে পরিণত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) প্রকাশিত বিশেষ প্রতিবেদনের তথ্য আমাদের চোখে আঙুল দিয়ে সেই ভয়াবহ বাস্তবতাই দেখিয়ে দিচ্ছে।
আরএসএফ-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মাত্র সাড়ে ৬ বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে গেছে ১৫ হাজার ৭১২টি তাজা প্রাণ এবং আহত হয়েছেন আরও ১৪ হাজার ১৪৩ জন।
বছরভিত্তিক প্রাণহানির এই চিত্রটি আরও ভয়াবহ—২০২০ সালে ১ হাজার ৪৬৩ জন, ২০২১ সালে ২ হাজার ২১৪ জন, ২০২২ সালে ৩ হাজার ৯১ জন, ২০২৩ সালে ২ হাজার ৪৮৭ জন, ২০২৪ সালে ২ হাজার ৬০৯ জন, ২০২৫ সালে ২ হাজার ৬৭১ জন এবং ২০২৬ সালের প্রথম সাত মাসেই (জানুয়ারি-জুলাই) ১ হাজার ১৭৭ জন মানুষ সড়কে প্রাণ হারিয়েছেন।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, এই হতাহতদের ৫৮ শতাংশই ১৩ থেকে ৩৫ বছর বয়সী কিশোর ও তরুণ, যারা আমাদের পরিবার ও দেশের ভবিষ্যৎ ও মূল চালিকাশক্তি হওয়ার কথা ছিল। অথচ, পরিবার ও স্বজনদের কাঁদিয়ে কেউ পরপারে, আবার কেউ পঙ্গুত্ব বরণ করে পরিজন ও দেশের কাছে বোজা হয়ে আছেন।
আরএসএফ-এর বিশ্লেষণে উঠে এসেছে, মোট দুর্ঘটনার ৩৯ দশমিক ৩০ শতাংশ (৬ হাজার ৩১৪টি) ঘটেছে ভারী যানবাহনের ধাক্কায় এবং ২২ দশমিক ০৮ শতাংশ (৩ হাজার ৫৪৮টি) ঘটেছে মুখোমুখি সংঘর্ষে। এছাড়া, চালক নিজে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছেন ৩৪ দশমিক ২১ শতাংশ (৫ হাজার ৪৯৭টি) ক্ষেত্রে। অর্থাৎ, সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতির পাশাপাশি আমাদের নিজেদের অসতর্কতা, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাই এই বিপুল প্রাণহানির মূল কারণ।
বাইকার অ্যাওয়ারনেস সোসাইটি বাংলাদেশ-বাচবা’র পক্ষ থেকে প্রতিটি বাইকার ভাই-বোন, বিশেষ করে তরুণদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান—সড়কে বাইক নিয়ে নামার আগে নিজের ও অপেক্ষমাণ পরিবারের কথা ভাবুন। সবসময় মানসম্মত হেলমেট ব্যবহার করুন। নির্ধারিত গতিসীমা মেনে চলুন। ভারী যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আসুন, নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। আপনার একটি সতর্ক পদক্ষেপ বাঁচাতে পারে একটি জীবন, একটি পরিবার।
লেখক: আহ্বায়ক, বাইকার অ্যাওয়ারনেস সোসাইটি বাংলাদেশ-বাচবা

