দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা জোরদার এবং অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ফরিদপুরে পাঁচ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন তাঁরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রাখা হয়েছে সদস্যদের।
আজ শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার সদস্যরা একযোগে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে সমবেত হন। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনের জন্য চলে যান তাঁরা।
ফরিদপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার চন্দন দেবনাথ বলেন, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সি বাজার পয়েন্ট ও তালমা পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সদরপুর ও চরভদ্রাসন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার সদস্যরা কাজ করছেন।
তিনি আরও জানান, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দায়িত্ব পালনের পাশাপাশি টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।
দেশের বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে এ মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনসার সদস্যদের অবস্থানের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

