নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী এলাকায় অভিযান চালায় নলুয়াপাড়া বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

