নওগাঁর রাণীনগর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি), সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার হাতিরপুল এলাকায় সড়কের পাশের একটি জঙ্গল থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল।
ওসি জানান, রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল থাকার গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের উপপরিদর্শক পলাশ চন্দ্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের পাশের জঙ্গল থেকে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করা হয়।
ওসি জাকারিয়া মণ্ডল আরও জানান, জব্দতালিকা তৈরি করে আভিযানিক দল ককটেলগুলো রাণীনগর থানায় জমা দিয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উদ্ধার হওয়া ককটেলগুলো সক্রিয় কি না, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল আসবে। পরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

