নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন জামায়াতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। তিনি বলেন, এটিকে কোনোভাবেই পশ্চাদপসরণ হিসেবে দেখা উচিত নয়।
গত কয়েক মাস ধরে নিরলসভাবে কাজ করা স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি উল্লেখ করেন, অনেকের সময়, শ্রম ও দৃঢ় বিশ্বাসের ফলেই গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, কারও মনে কষ্ট বা হতাশা থাকা স্বাভাবিক হলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়নি।
ডা. শফিকুর রহমান জানান, ৭৭টি আসন পাওয়ার মাধ্যমে সংসদে জামায়াতের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং তারা আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, ২০০৮ সালে বিএনপি মাত্র ৩০টি আসন পেলেও দীর্ঘ সময় পর তারা সরকার গঠনে ফিরে এসেছে।
গণতান্ত্রিক রাজনীতিকে দীর্ঘ পথচলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের লক্ষ্য জনগণের আস্থা অর্জন এবং ক্ষমতাসীনদের জবাবদিহিতার আওতায় রাখা। নেতৃত্বের প্রকৃত পরীক্ষা নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায়ের প্রতি প্রতিক্রিয়ায়—এ কথাও তিনি তুলে ধরেন।
তিনি আরও জানান, জামায়াত সামগ্রিক ফলাফল মেনে নিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক ও দায়বদ্ধ রাষ্ট্র গঠনে নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে।

