পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরান ঢাকায় দুই হাজার অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার পুরান ঢাকার কসাইটুলি আধুনিক শরীরচর্চা কেন্দ্রে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, খেজুর, লবণ, চিনি, আলু, পেঁয়াজ ও আটা বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে ঢাকা–৭ আসনের বিএনপির সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি সবসময় মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বায়রাত মিয়া, হাজী ফারুক সিদ্দিকী, সাবেক কাউন্সিলার ও বংশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল আজিম, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মাহবুব, ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ওয়াসিমসহ মাহিন, সোহেল এবং তরুণ সমাজসেবক রাহাত মিতু।
আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে এই ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে সুবিধাবঞ্চিত মানুষরা কিছুটা স্বস্তি নিয়ে রোজা পালন করতে পারেন।

