ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মোট চার দিন সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত ‘A’ ও ‘B’ ইউনিটের সিট বিন্যাস এবং ইবির নিজস্ব ‘D’ ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ০১ এপ্রিল ‘B’ ইউনিট এবং ০৮ এপ্রিল ‘A’ ইউনিটের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার সিট বিন্যাস কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ ও ১২ এপ্রিল ইবির ‘D’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং সিট বিন্যাস সম্পন্ন করা হবে।
এসব কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নির্ধারিত চার দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে অফিসসমূহ স্বাভাবিক নিয়মে খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাময়িক অসুবিধা হলেও সামগ্রিক ব্যবস্থাপনা ঠিক রাখতে এ পদক্ষেপ জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ।

