জুলাই সনদ ও গণভোটসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারকে চাপ দিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, কেবল জাতীয় সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না; রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলনের মাধ্যমেই সরকারকে জুলাই সনদ, গণভোট এবং শ্রমিকদের অধিকারসংক্রান্ত সব দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে।
তিনি অভিযোগ করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে সরকার তা বাস্তবায়ন করেনি। এমন প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ভালো হয় না বলেও সতর্ক করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ত্যাগের মাধ্যমে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তার ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্য ও সমঝোতার পরিবেশ প্রয়োজন ছিল, কিন্তু সরকার তা নষ্ট করেছে।
সমাবেশে শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

