সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ছড়িয়ে মানহানি, অপপ্রচার ও হুমকির অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জড়িতদের শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার নেতা মুবাশশির আমিন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি উল্লেখ করে তিনি এ অভিযোগপত্র জমা দেন। এর আগে গত ২৬ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সদৃশ বস্তু সেবনের একটি ছবি ভাইরাল হলে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে মুবাশশির আমিন দাবি করেন, ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মুবাশশির তার অভিযোগপত্রে উল্লেখ করেন, ভাইরাল হওয়া ছবিটি মূলত ২০২৩ সালে একটি গেট-টুগেদার অনুষ্ঠানে সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয়ে ‘মজার ছলে’ সম্পাদিত একটি অভিনয়ের অংশ ছিল। এর সঙ্গে বাস্তব কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই। একটি স্বার্থান্বেষী মহল পূর্বপরিকল্পিতভাবে ছবিটি বিকৃত করে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
অভিযোগপত্রে তিনি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মুবাশশির আমিন বলেন, “২০২৩ সালের একটি অভিনয়ের ছবিকে কেন্দ্র করে আমাকে ব্ল্যাকমেইল ও অপদস্থ করার চেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, বিধি অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

