নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীপরিষদ কমিটি। এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে বিতরণের লক্ষ্যে ৫০ কেজি বস্তায় মসুর ডাল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। তিনটি লটে (প্রতিটি ৩ হাজার মেট্রিক টন) দরপত্র ডাকা হলে চারটি প্রস্তাব জমা পড়ে।
দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন দরদাতা হিসেবে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি কেজি ৭৯.৮৯ টাকায় ৩ হাজার টন ডাল কেনায় ব্যয় হবে ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। একই দরে মেসার্স সালমান খুরশীদ থেকে আরও ৩ হাজার টন ডাল কেনা হবে। এছাড়া একই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি কেজি ৮১.৯৯ টাকায় আরও ৩ হাজার টন ডাল কেনা হবে, যার ব্যয় ২৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা।
সব মিলিয়ে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে মোট ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৫৬ মেট্রিক টন ডাল ক্রয় সম্পন্ন হয়েছে।

