নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পের সাব-ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। শুক্রবার (০১ মে) বিকেলে উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযুক্ত নেতা শুভ, যিনি নাটোর জেলা ছাত্রদলের সদস্য এবং বাগাতিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাছিমপুর মহল্লার বাসিন্দা। জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক কাজ চলমান রয়েছে। প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকার এ প্রকল্পের কাজ পেয়েছে চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সম্প্রতি নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে। এ বিষয় নিয়ে কথা বলতে শুভ ও পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে কয়েকজন প্রকল্প এলাকায় যান। সেখানে সাব-ঠিকাদার মাহবুব হোসেনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অভিযুক্ত শুভ মারধরের কথা স্বীকার করে বলেন, অনিয়মের বিষয়ে প্রশ্ন তুলতেই ঠিকাদার তাদের ‘ধান্দাবাজ’ বলে মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি থাপ্পড় মারেন।
পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে, সাব-ঠিকাদার মাহবুব হোসেন জানান, কোনো অনিয়ম থাকলে তা কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল, শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, সংগঠনের কোনো কর্মী সরাসরি তদন্ত করার অধিকার রাখে না। কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

