চলতি বছরের হজ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি জানান, এ সময়ের মধ্যে সব ফ্লাইট জেদ্দায় সফলভাবে অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রী স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। এছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবাও অব্যাহত রয়েছে। সৌদি মেডিকেল টিম সরাসরি ৮ হাজার ১৫ জনকে চিকিৎসা প্রদান করেছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ২৪০ জন সেবা পেয়েছেন।
পরিচালক আরও জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এই কার্যক্রম পরিচালনায় মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করে।

