মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে শ্রমিকরা আসন্ন বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সিগারেট ও বিড়ির অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, বিড়ি শ্রমিকদের জন্য রেশন সুবিধা চালু এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধের দাবি জানান।
বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমঘন শিল্প হওয়া সত্ত্বেও বিদেশি সিগারেট কোম্পানির প্রভাব ও ষড়যন্ত্রে এ খাতে ধারাবাহিকভাবে শুল্ক বাড়ানো হচ্ছে। ফলে মালিকরা কারখানা বন্ধ করে দিচ্ছেন এবং বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়ছেন। তারা আরও অভিযোগ করেন, একই ধরনের পণ্য হওয়া সত্ত্বেও বিড়ির ওপর অগ্রিম আয়কর ১০ শতাংশ, যেখানে সিগারেটের ক্ষেত্রে তা ৫ শতাংশ। এই বৈষম্য দ্রুত দূর করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন। এসময় বক্তব্য দেন সহ-সভাপতি আনোয়ার হোসেন, লুতফর রহমান এবং যুগ্ম সম্পাদক আব্দুল গফুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

