আগামী ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী ২৭ মে উদযাপিত হতে পারে বলে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তানের চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল। বৈজ্ঞানিক তথ্য ও জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল জানিয়েছে, ১৭ মে চাঁদ দেখা গেলে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে বুধবার পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি বলেন, বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এবার পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়।
তবে আবহাওয়ার পরিস্থিতির ওপর চাঁদ দেখার বিষয়টি নির্ভর করবে। যদি ১৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার পালিত হতে পারে।
যদিও বৈজ্ঞানিক পূর্বাভাস প্রকাশ করা হয়েছে, তবুও দেশটির কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

