কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে নগরের শাসনগাছা এলাকা থেকে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে।
তাকে আটকের প্রতিবাদে বিএনপির শতাধিক নেতা-কর্মী ও সমর্থক কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। বেলা সাড়ে ১২টার দিকে তারা থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং থানার প্রধান ফটক অবরোধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহন শ্রমিক ও চালকেরা। এতে টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।

