যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হয়েছে। একই সঙ্গে নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
এদিন সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহটি জামালপুরে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয় এবং কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা শেষে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্তে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে লিমনকে হত্যা করা হয়।
অন্যদিকে, আগামী ৬ মে যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। সরকার জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সব ধরনের কূটনৈতিক ও আইনি সহায়তা অব্যাহত থাকবে।

