অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে গৃহীত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন।
রিট আবেদনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নেওয়া বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আবেদনকারী আইনজীবী জানান, বিষয়টি শুনানির জন্য একইদিন বিকেলে হাইকোর্টে উপস্থাপনের চেষ্টা করা হবে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে, একই আইনজীবী বর্তমান সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখেন।
এ রিট আবেদন নতুন করে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের আইনি ভিত্তি নিয়ে আলোচনা উসকে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

