ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ঘিরে নতুন করে ট্রান্সফার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিতে পারেন। সম্প্রতি আর্জেন্টিনার বুয়েনেস এইরেসে তাকে দেখা যাওয়ার পর থেকেই এই আলোচনা আরও জোরালো হয়েছে।
বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলা এই ফরোয়ার্ড কোপা সুদামেরিকানার একটি ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনায় যান। সেখানে সান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচের আগে সময় বের করে তিনি বোকা জুনিয়র্সের প্রশিক্ষণ কেন্দ্র কাসা আমারিয়া পরিদর্শন করেন, যা লা বোম্বোনেরা স্টেডিয়ামের কাছেই অবস্থিত।
সফরকালে বোকা জুনিয়র্স কর্তৃপক্ষ তাকে দুটি বিশেষ জার্সি উপহার দেয়—একটিতে ছিল নেইমারের নাম এবং অন্যটিতে ক্লাব সভাপতি ও কিংবদন্তি জুয়ান রোমান রিকুয়েলমের নাম। পরবর্তীতে নীল-হলুদ জার্সি হাতে তার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সম্ভাব্য বড় ট্রান্সফারের গুঞ্জন শুরু হয়।
তবে ক্লাবটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এটি ছিল কেবল সৌজন্য সাক্ষাৎ। কোনো আনুষ্ঠানিক আলোচনা বা ট্রান্সফার বৈঠক হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে আর্জেন্টিনায় অবস্থানকালে নেইমারের সাবেক সতীর্থদের সঙ্গে তার সাক্ষাৎ আলোচনাকে আরও উসকে দেয়। অ্যান্দের এরেরা ও লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে যোগাযোগের বিষয়টি নতুন করে জল্পনা বাড়িয়েছে।
অন্যদিকে পিএসজির সাবেক এই তারকার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। যদিও তিনি বর্তমানে সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ, ভবিষ্যতে দক্ষিণ আমেরিকার অন্য কোনো ক্লাব কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
সব মিলিয়ে নেইমারের বুয়েনেস এইরেস সফর নতুন গুঞ্জনের জন্ম দিলেও, বোকা জুনিয়র্সে তার যোগদানের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

