পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মঙ্গলবার (৫ মে) মক্কায় বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে রয়েছেন ফরিদপুর সদরের বাসিন্দা মো. নাসির উদ্দিন বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলের বাসিন্দা মাহফুজা বেগম। এ পর্যন্ত মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন।
এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৪৪৩ জন রয়েছেন। মোট ১১৮টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৩৬৪টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১১ হাজার ৫৫টি সেবা দেওয়া হয়েছে।

