সালাহউদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক অর্থায়ন ও প্রত্যাবাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থায়ন হ্রাসের বিষয়টি উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর ওপর জোর দেন।
ইউএনএইচসিআর প্রতিনিধি জানান, সীমিত জায়গায় বিপুলসংখ্যক মানুষের বসবাসের কারণে শরণার্থীরা নানা সংকটে রয়েছেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, দেশের ভৌগোলিক ও আর্থ-সামাজিক বাস্তবতায় শিবিরের আয়তন বৃদ্ধি করা কঠিন। তাই রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই দীর্ঘমেয়াদি সমাধান।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, গাজা সংকট ও ইউক্রেন যুদ্ধ-সহ বিভিন্ন ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক অঙ্গনে উপেক্ষিত না হয়। এ বিষয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বৈঠকে ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

