সখীপুর উপজেলা-এ পেট্রোল, অকটেনসহ বিভিন্ন জ্বালানি তেলে ওজনে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত ‘সখীপুর ফিলিং স্টেশন’-এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাপযন্ত্রে কারসাজির বিষয়টি ধরা পড়ে।
অভিযান সূত্রে জানা যায়, প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৫৪ মিলিলিটার এবং ১০ লিটারে প্রায় ৫৪২ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এ ধরনের গুরুতর গরমিল ও প্রতারণার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি বলেন, এ ধরনের অনিয়ম সরাসরি ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

