সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বর্তমানে ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত এই শিল্পী জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভিত্তিহীন এ ধরনের খবর তাকে বিব্রত করেছে।
‘মিনার–ই–দিল্লি’ সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যান রুনা লায়লা। সোমবার (৪ মে) সন্ধ্যায় অনুষ্ঠান শেষে হঠাৎ করেই সামাজিকমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই দেশ-বিদেশে তা ছড়িয়ে পড়লে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হঠাৎ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত হয়ে পড়েন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান থেকে অনেকে তার খোঁজ নিতে যোগাযোগ করেন।
এ ধরনের গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করে রুনা লায়লা বলেন, ভুয়া তথ্য শুধু তাকে নয়, তার পরিবারকেও মানসিকভাবে বিপর্যস্ত করে। তার মতে, এমন গুজব ছড়ানোর পেছনে একটি সংগঠিত চক্রও থাকতে পারে, যাদের শনাক্ত করা জরুরি।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, ‘আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।’ একই সঙ্গে যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের গুজব ছড়ানো দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং এতে অযথা বিভ্রান্তি তৈরি হয়। ভক্তদের ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়া নতুন নয়। তবে প্রতিবারই এ ধরনের গুজব সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।

