ভোলা জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলম, ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি বিন ইয়ামিন সিফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. অলি উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আল আমিন নোমান, আরিফ জুমান, মুসা কালিমুল্লাহ শাকিল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাসেলসহ সংগঠনের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা ভোলা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন, দেশের বিভিন্ন স্থানে পড়াশোনা করলেও জেলা কল্যাণের মাধ্যমে নিজেদের পরিচিতি গড়ে তোলা সম্ভব। দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে সকলের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতি বিন ইয়ামিন সিফাত বলেন, ভোলা জেলার শিক্ষার্থীদের আন্তরিকতা অন্যদের তুলনায় ব্যতিক্রমী। সংগঠনটি ইতোমধ্যে নানা ইতিবাচক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. অলি উল্লাহ বলেন, দ্বীপ জেলা হিসেবে ভোলার স্বতন্ত্র পরিচয় থাকলেও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব এক ও অভিন্ন। তিনি সংগঠনটিকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান।

