২০২৪ সালের ৫ আগস্টের পর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে সরকার। এসব মামলা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলোর মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসিদের কাছ থেকে জেলাভিত্তিক মামলার তালিকা চাওয়া হয়েছে। মহানগর এলাকায় মামলার সংখ্যা তুলনামূলক বেশি হলেও প্রত্যন্ত জেলাগুলোতে তা কম।
তিনি আরও জানান, অনেক মামলায় একসঙ্গে হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলা যাচাই করে প্রকৃত আসামিদের চিহ্নিত করা হবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্তর্ভুক্ত ব্যক্তিদের অব্যাহতির সুপারিশ করা হবে। তদন্ত কর্মকর্তারা বিষয়গুলো যাচাই করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেবেন।
মামলাগুলো সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। ডিসিদের দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে, মৌখিকভাবে এক মাসের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করে।

