বগুড়ার সদর উপজেলায় নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও তার বর্তমান স্বামীকে আটক করেছে জেলা পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নারুলী এলাকার বাসিন্দা শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের রমজান মাসে নিপা শেখেরকোলা ইউনিয়নের দুলাল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন।
জানা গেছে, শুক্রবার রাতে নিপা একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরদিন শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি একটি নবজাতকের মরদেহ পানিতে ভাসতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মা নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে।
এদিকে, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

