টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্ক প্রতিরোধী র্যাবিক্স ভ্যাকসিনের দুই ডোজ প্রয়োগের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির নাম ফাতিহা।
শিশুটির পরিবার জানায়, নিয়মিত টিকা দেওয়ার জন্য মা মৌ শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। টিকা প্রয়োগের দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু উপস্থিত না থাকায় অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি ভুলবশত শিশুটিকে কুকুরের কামড়ে ব্যবহৃত র্যাবিক্স ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োগ করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানালে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ ওঠে। শিশুটির স্বজনদের দাবি, টিকা দেওয়ার পর থেকে শিশুটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে।
ঘটনার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের গাফিলতিকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারটি।
এ বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ভুলবশত এমনটি হয়েছে।’ তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে এ ভ্যাকসিনে গুরুতর কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তারপরও পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।’

