পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি উচ্চ বিদ্যালয়ে বিষক্রিয়ায় অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে যাওয়ার পর ছড়িয়ে পড়া তীব্র গন্ধে এ ঘটনা ঘটে। অসুস্থদের অধিকাংশই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ের বাথরুমে রাখা একটি বিষের বোতল ভেঙে গেলে প্রথমে দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে বিষের গন্ধ ও আতঙ্ক ছড়িয়ে পড়লে একে একে প্রায় ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি জানান, ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষের তীব্র গন্ধ এবং আতঙ্কের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

